আগ্নেয়াস্ত্রের বাহুল্যতায় কথায় কথায় গোলাগুলি যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তারই ধারাবাহিকতায় ফের গোলাগুলি চললো স্কুলে। তাও আবার দুই ছাত্রের মারামারির জেরে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছে বলে এক খবরে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
এক প্রতিবেদনে সিএনএন জানায়, বুধবার (৬ অক্টোবর) দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের টিম্বারভিউ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আর্লিংটনের সহকারী পুলিশ প্রধান কেভিন কোলবি জানিয়েছেন, ডালাস উপকণ্ঠে অবস্থিত টিম্বারভিউ হাইস্কুলে গুলি চালানোর ঘটনায় টিমোথি জর্জ সিম্পকিন্স নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
স্কুল থেকে পালানোর পর সিম্পকিন্স নিজেই পুলিশের কাছে ধরা দেন। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে প্রাণঘাতী আক্রমণসহ তিনটি অভিযোগ আনা হবে ওই তরুণের বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, তারা একটি পয়েন্ট ৪৫ ক্যালিবার বন্দুক উদ্ধার করেছে। এটি কোনো উদ্দেশ্যহীন সহিংসতা নয়। এক ছাত্র লড়াইয়ের মধ্যে অস্ত্র বের করেছিল।
পুলিশ জানিয়েছে, সহিংসতার সময় দুই থেকে তিনটি গুলি চালানো হয়েছিল। কোলবি জানান, এ ঘটনায় আহত তিন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে দুইজনের শরীরে গুলি লেগেছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আহত ১৫ বছর বয়সী এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। তবে বাকিদের আঘাত গুরুতর নয়। ওই ঘটনায় চতুর্থ এক নারীও আহত হয়েছেন। অন্তঃসত্ত্বা সেই নারীকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।