নাটোর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার তিনবার নির্বাচিত কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনসুর রহমান বলেন, কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগের বিরুদ্ধে অনেক দিন থেকে কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। একটি মামলায় ইতোমধ্যে তার সাজাও হয়েছে। আদালতে হাজির না হয়ে তিনি দীর্ঘদিন থেকে নাটোরের বাইরে আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে তার বাড়ি আসার খবর পাওয়ায় পর গোয়েন্দা পুলিশ তাকে নাটোরের বাসা থেকে আটক করে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আটক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে দাবি করে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন।