বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের লাইন থেকে সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চরএককরিয়া ইউনিয়নের উত্তরচর দাদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার দেলোয়ার মৃধার ছেলে অপু মৃধা (২৫) ও মাজেদ মাঝির ছেলে শাকিল মাঝি (২২)।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার শহিদুল ইসলাম জানান, কয়েকজন যুবক রাতে গ্রামের একটি মাঠে ব্যাডমিন্টন খেলার আয়োজন করেন। তারা আলোর জন্য পল্লী বিদ্যুতের লাইন থেকে সংযোগ নেওয়ার চেষ্টা করেন। এসময় অসাবধানতাবশত অপু মৃধা ও শাকিল মাঝি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে । তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।