মাদারীপুরের রাজৈর উপজেলার বাবনাতলা এলাকায় পার্কিং করা ট্রাকের পেছনে ধাক্কা লেগে সুজন চৌকিদার (২৪) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন চৌকিদার মাদারীপুর সদর উপজেলার বাজিতপুর গ্রামের বাচ্চু চৌকিদারের ছেলে। এসময় শাকিল ও রাসেল নামে পিকআপে থাকা দুজন আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও রাজৈর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশালগামী একটি ট্রাকের চাকা নষ্ট হওয়ায় রাস্তার পাশে পার্কিং করে রাখা ছিলো। তখন পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। তার পেছনে থাকা আরেকটি পিকআপ গাড়ি এসে ওই ট্রাককে ধাক্কা দেয়। এ সময় পিকআপচালক সুজন নিহত হয়।
এ ব্যাপারে রাজৈর ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের স্টেশন প্রধান সালাউদ্দিন বলেন, ‘সংবাদ পেয়ে এসে দেখি একজন মৃত্যু অবস্থায় পিকআপের মধ্যে আটকা পড়ে আছে। তার লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি। তারা ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’