সাভারের আশুলিয়ায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন। ঘটনার পর থেকে ছেলে আজিজুল ইসলাম পলাতক রয়েছেন। মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোর রাতে শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়ার ফকিরবাড়ি এলাকায় এঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ (৭০) শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া ফকিরবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা।
পুলিশ জানায়, ভোর রাতে নিজ বাড়িতে নুর মোহাম্মদ (৭০) নামের ওই ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করে ছেলে আজিজুল। পরে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ছেলে। তবে কি কারণে ছেলে বাবাকে কুপিয়ে হত্যা করেছে বিষয়টি তদন্ত করছে পুলিশ।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য গতকাল আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতাল থেকে এক শিশুসহ দুই জনের লাশ উদ্ধার করেছিলো পুলিশ।