টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে হলে আজ বাংলাদেশকে জিততেই হবে। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। আল আমেরাতের ওমান ক্রিকেট একাডেমি মাঠে রাত আটটায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে বাংলাদেশ হারলে বিশ্বকাপ থেকে বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যাবে। তাই বাংলাদেশকে হারাতে মরিয়া স্বাগতিক ওমান।
বাংলাদেশ শক্তিমত্তা ও অভিজ্ঞতার বিবেচনায় ঢের এগিয়ে থাকলেও মাঠে নামতে হবে বাড়তি চাপ সঙ্গে নিয়ে। অন্যদিকে প্রথম ম্যাচে নিজেদের বিশাল জয়ে স্বাভাবিক ও মানসিকভাবে এগিয়ে থেকে নিজেদের মাঠে নামবে ওমান। এমন ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে ওমান লেগ স্পিনার জানালেন বাংলাদেশের দুর্বলতার কথা।
বাংলাদেশকে যথেষ্ট সমীহ করে ওমান লেগ স্পিন অলরাউন্ডার খাওয়ার আলি বলেন, রান তাড়া করতে তাদেরকে (বাংলাদেশ) দুর্বল মনে হচ্ছে। দেখা যাচ্ছে তাদের ব্যাটসম্যানরা ফর্মে নেই। আমরা বলতে পারি তারা চাপেই আছে। কিন্তু আমাদের তিন বিভাগেই ভালো খেলতে হবে। আশা করছি ফলাফল আমাদের দিকেই আসবে।
এরপরই আলি যোগ করেন, বাংলাদেশ প্রথম ম্যাচে হেরেছে বলে আমরা নির্ভার থাকবো তেমনটা নয়। আমরা জানি তারা কতটা শক্তিশালী। আমরা নিজেদেরকে নিয়ে বেশি মনযোগী। সেই সঙ্গে তিনি এও জানিয়ে আগের ম্যাচের স্কোয়াডেই ভরসা তার দলের।
এদিকে স্কটিশ দুঃস্বপ্নের পর আবারও আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে নামে টিম বাংলাদেশ। অপ্রত্যাশিত হারে মানসিকভাবে বেশ ধাক্কা খেয়েছে টাইগাররা তা অনুশীলনে তাদের শরীরী ভাষায় স্পষ্ট। ঐচ্ছিক অনুশীলনে ছিলেন আগের ম্যাচের একাদশের মাত্র চার ক্রিকেটার। মুশফিক, তাসকিন, মুস্তাফিজ ও সোহান। বাকিরা ছিলেন টিম হোটেলে বিশ্রামে।
২০১৬ তে এই ওমানকে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। যে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন চলতি আসরে না থাকা তামিম ইকবাল।