শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মেঘনা নদীতে মায়ের সঙ্গে গোসল করতে নেমে ৯ ঘণ্টা ধরে নিখোঁজ ৮ বছরের শিশু ইমাম গাজী। শুক্রবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ইমাম গাজীর বাড়ি উপজেলার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামে। স্থানীয় একটি মাদরাসার ছাত্র সে।
ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমাম তার মায়ের সঙ্গে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তলিয়ে যায়। পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি করলে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সেলিম মিয়া জানান, নিখোঁজের পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। পরে চাঁদপুর থেকে আরেকটি ইউনিট আসে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি। আগামীকাল সকালে শিশুটি উদ্ধারে কাজ করা হবে।