গাজীপুরে পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে গিয়ে ফাহিম চৌধুরী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে দিকে এ ঘটনা ঘটে।
মৃত ফাহিম চৌধুরীর বাড়ি গাজীপুর জেলার উত্তর খাইলকুর এলাকায়। তিনি ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
গাজীপুর মহানগরের সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, সকালে ফাহিম কনস্টেবল পদে নিয়োগের প্রাথমিক পরীক্ষায় অংশ নিতে গাজীপুর জেলা পুলিশ লাইন্সে যান। কনস্টেবল নিয়োগ পরীক্ষা চলাকালে ফাহিম চৌধুরী বেলা ১১টার দিকে পুলিশ লাইন্সের ভেতরে থাকা একটি ট্রান্সমিশন টাওয়ারের সঙ্গে হেলান দেন। হঠাৎ তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, টাওয়ার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পাওয়ার পর গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের খবর দেয়া হয়।কিন্তু টাওয়ারটি বিদ্যুতায়িত হওয়া কোন প্রমাণ পায়নি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
গাজীপুর পল্লী বিদ্যুৎ এর এজিএম মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে জেলা পুলিশ লাইন্সে গিয়ে ট্রান্সমিশন টাওয়ারটি পরীক্ষা করে দেখা গেছে সেটি বিদ্যুতায়িত হয়নি। সেটি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার মতো ঘটনা ঘটবে এমন প্রমাণ পাওয়া যায়নি।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক মো. রোমান আল মামুন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।