নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ভাই-বোনসহ চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে শহরের আরজি নওগাঁ এলাকার নামা শিকারপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরহাদ, সুরাইয়া, আশা ও খাদিজা। এদের মধ্যে ফরহাদ ও সুরাইয়া আপন ভাই-বোন।
ফরহাদ ও সুরাইয়ার বাবা টিপু মণ্ডল জানান, ‘আজ দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায় সমবয়সী ছয় শিশু। গোসলের এক পর্যায়ে গভীর পানিতে ডুবে যায় নিহত চার শিশু। প্রাণে বেঁচে ফিরে রাজিয়া ও রেদোয়ান। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। পরে একে একে উদ্ধার করা হয় নিথর চারটি দেহ। দ্রুত নওগাঁ সদর আধুনিক হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
নওগাঁ সদর থানার ওসি জুয়েল জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইতোমধ্যে স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে। সন্ধ্যার পর ৪ শিশুর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবার কথা আছে বলেও জানান তিনি।
এদিকে এমন হৃদয়বিদারক ঘটনায় পরিবারগুলোতে শোকের মাতম চলছে।