ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুরে বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
আজ বুধবার (১০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাবার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে সাত্তার ও বাউপুর গ্রামের কলিমউদ্দিন মারা যায়।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের ত্রিশাল স্টেশন অফিসার রিয়াজুদ্দিন জানান, উদ্ধার তৎপর শেষে নিহতদের লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে।