টি-২০ বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতা ও ক্যাচ মিস করার পর বারবার সংবাদ শিরোনামে এসছে লিটন দাসের নাম। তবে এবার সব ছাপিয়ে নতুন চমক দেখালেন লিটন। পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার পর জাতীয় লিগে ফিরে বল হাতে তুলে নিলেন এ ক্রিকেটার!
ক্রিকেটে অনেক সময় ব্যাটারদের বল করতে দেখা গেলেও একজন উইকেটরক্ষককে তেমন বল করতে দেখা যায় না। এমনকি বাংলাদেশের ক্রিকেটে এক দশকের বেশি সময় ধরে খেলেও কখনোই লিটনকে বোলিং করতে দেখা যায়নি। সেখানে আজ জাতীয় লিগে প্রথমবারের মতো বল করেন লিটন।
অবশ্য লিটনদের ম্যাচটা ড্রয়ের দিকেই এগুচ্ছিল। ফলাফল পক্ষে আসার জন্য নাটকীয় কিছু হওয়াও ছিল প্রায় অসম্ভব। নিজেদের পুরো ইনিংসই বাকি ছিল। তাই নিছক মজা করেই বোলিংয়ে আসেন লিটন। এর মাধ্যমে অধিনায়ক আকবর আলী ব্যবহার করেন নয়জন বোলার।
সাম্প্রতিক প্রেক্ষাপটের কারণেই লিটনের বোলিং করার বিষয়টি আলোচিত হচ্ছে। কারণ সময়টা মোটেও ভালো যাচ্ছে না তার। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ। শ্রীলঙ্কার বিপক্ষে তো দুটি ক্যাচ ছেড়ে রীতিমতো ভিলেন বনে যান। জাতীয় লিগে ফিরে থিতু হয়েও বড় রান করতে পারেননি তিনি।
রংপুর বিভাগের হয়ে এদিনের শুরুতে ব্যাট করতে নামেন লিটন। আগের দিনের করা ২৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামা এ ব্যাটার এদিন রান করতে পারেননি একটিও। সুমন খানের বলে বোল্ড হয়ে গেছেন। এরপর ইনিংস শেষে ঢাকার বিপক্ষে বল করেন তিনি। খুব একটা খারাপ করেননি। ৩ ওভার বল করে ১৪ রান দিয়ে থেকেছেন উইকেট শূন্য। লিটনের বোলিং করার দিনে ড্র হয়েছে ঢাকা-রংপুরের ম্যাচ। শেষ দিনে নিজেদের প্রথম ইনিংসে ২২২ রানে ইনিংস ঘোষণা করে রংপুর। এরপর ঢাকা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৫৭ রান করলে ড্র মেনে নেয় দুই দল।