বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবিতে লক্ষ্মীপুরে অনশন কর্মসূচি পালন করছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল থেকে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর বাসভবনের সামনে এই গণঅনশন কর্মসূচি পালন করে দলীয় নেতাকর্মীরা।
অনশন কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক আইনজীবী হাসিবুর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান ও হারুনুর রশিদ ব্যাপারী, নিজাম উদ্দিন, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি ইব্রাহিম হোসেন ও আবদুল্লাহ আল মামুন।
জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেয়।
অনশন কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। এছাড়া তার চিকিৎসা মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তার সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হচ্ছে না। অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি। অন্যথায় এর দায়-দায়িত্বে সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন।