খেলোয়াড় থেকে কোচ- ঘরে ফেরাটা দুর্দান্তভাবে ঘটল জাভি হার্নান্দেজের জন্য। ২০১৫ সালে যে ক্লাব ছেড়েছিলেন ফুটবলার হিসেবে, ২০২১ এ এসে বসলেন সেই ক্লাবেরই কোচের চেয়ারে। কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে জিতেছে তার শিষ্যরা। এই জয়ে কঠিনতম সময়ে স্বস্তির বাতাস বইল বার্সেলোনা শিবিরে।
কোচ জাভির অভিষেকে বার্সার হয়ে জয়সূচক গোলটি করেছেন মেম্ফিস ডিপে। ৪৮ তম মিনিটে একমাত্র গোলটি এসেছে। ডিপেকে ফেলে দেন এস্পানিওল খেলোয়াড় লিওনার্দে কাব্রেরা। এরপর রেফারি বার্সাকে পেনাল্টি দিলে ডাচ তারকার সফল স্পটকিকে এগিয়ে যায় স্বাগতিকরা।
এরপর ৬১ মিনিটের সময় আরও একবার জালের ঠিকানা খুঁজে পেয়েছিল বার্সা। কিন্তু ফ্রেংকি ডি ইয়ংয়ের করা সেই গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। শেষদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছিল এস্পানিওল। তবে তাদের দুইটি প্রচেষ্টা ফিরে আসে ক্রস বারে লেগে।
১৩ ম্যাচে পাঁচটি করে জয় ও ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে বার্সেলোনা। দুই ম্যাচ কম খেলা এস্পানিওল ১৭ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে। বার্সেলোনার সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে সেভিয়া। তাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল সোসিয়েদাদ। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ।