দিল্লির বিজেপি সাংসদ ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গাম্ভীরের খুনের হুমকি দিয়েছে পশ্চিমা মদতপুষ্ট জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাশ্মীর শাখা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হুমকি পেয়ে থানায় অভিযোগ করেছেন গাম্ভীর।
গাম্ভীর জানান, এক ইমেইল বার্তায় এ খুনের হুমকি দিয়েছে জঙ্গিরা। শুধু তাকেই নয় তার পরিবারের সদস্যদেরকেও খুনের হুমকি দেয়া হয়েছে ওই বার্তায়।
বার্তা সংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগ পাওয়ার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গাম্ভীরের রাজেন্দ্রনগরের বাসভবনের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) শ্বেতা চৌহান জানিয়েছেন, যে ইমেইল থেকে হুমকি পাঠানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
২০১৯-এর লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে বিজেপি-র সাংসদ হন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার।
উল্লেখ্য, এর আগেও ২০১৯-এ হুমকি চিঠি পেয়েছিলেন গম্ভীর। সে সেময় আন্তর্জাতিক একটি নম্বর থেকে তাকে হুমকি দেয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি।