গাজীপুর সিটি করপোরেশনের দেশী পাড়া এলাকা থেকে মা-মেয়ের জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বুধবার (২৪ নভেম্বর)রাত ১২টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রিপন চন্দ্র সরকার জানান, দেশী পাড়া এলাকায় সড়কের পাশে মা-মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। তবে মায়ের বয়স আনুমানিক ২৫ এবং মেয়ের বয়স ৫ বছর। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাদের জবাই করে হত্যা করেছে।
তিনি আরও বলেন, মরদেহ দুটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।