নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ধান ক্ষেত থেকে মোহাম্মদ হারুন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ছয়ানী ইউনিয়নে ৪নং ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
হারুন উপজেলার ছয়ানী ইউনিয়নে মৃত আবদুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে দোয়ালিয়া গ্রামের বল বাড়ির পাশের ধান ক্ষেতে হারুনের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজনদের অভিযোগ, ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে হারুনের মৃত্যু হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।