রাজধানীতে ঢাকা দক্ষিণ সিটির করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এবার আহত হয়েছেন এক নারী শ্রমিক। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক করা হয়েছে গাড়িচালককে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৮টায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৮টায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লাহ করিম মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত নারীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গাড়িচালক রতনকে (৩০) আটক করা হয়েছে।
জানা গেছে, আহত নারীর নাম আরজু বেগম। তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন। সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে এক বাস থেকে নামার সময় পেছন থেকে ময়লার গাড়ি এসে তাকে ধাক্কা দেয়।
এর আগে গত ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়। নাঈমের মৃত্যুর একদিন না যেতেই গত ২৫ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডাম্পিং গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে প্রাণ হারান গণমাধ্যমকর্মী কবির খান। নাঈমের মৃত্যুর প্রতিবাদে সহপাঠীরা নিরাপদ সড়কের আন্দোলনে নামে।