রাজধানীর বিমানবন্দরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহাদী হাসান লিমন (২২) নামে গ্রীন ইউনিভার্সিটির এক ছাত্র নিহত হয়েছে। ভার্সিটির টেক্সটাইল বিভাগের ৪র্থ বর্ষে পড়ত সে।
শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত লিমনের এই পরিচয় জানায় তার সহপাঠীরা।
খালিদ মাহমুদ টুটুল নামে এক সহপাঠী জানান, শেওড়াপাড়ার গ্রীন ইউনিভার্সিটিতে পড়েন তারা। মাহাদী থাকে উত্তরা ১১ নম্বর সেক্টরে। শুক্রবার রাতে গ্রামের বাড়ি জয়পুরহাট থেকে তার মা ঢাকায় আসছিল। তখন সে ঝিগাতলায় খালার বাসায় ছিল। মাকে আনার জন্য খালার বাসা থেকে নিজের মোটরসাইকেলে নিয়ে উত্তরাতে যাচ্ছিল সে।
তিনি জানান, শুনতে পেরেছি একটি লড়ি পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে সে পিছলে পড়ে গেলে লড়ির চাকা তার মাথার উপর দিয়ে উঠে যায়। এতে তার মাথায় থাকা হেলমেটটিও গুড়িয়ে যায়।
এরআগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর কাউলা পদ্মওয়েল আউট গোয়িংয়ে একটি লড়ির চাপায় গুরুতর আহত হয় সে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান শেখ জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই তরুণ। তখন লড়ির চাপায় আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, ওই যুবকের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের সাথে যোগাযোগ করে তার পরিচয় জানা যায়।
তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমা পশ্চিম গ্রামে। তার বাবার নাম মোফাজ্জল হোসেন।