ভোলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত হয়েছেন। তবে নিহতদের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি।
রোববার (৫ ডিসেম্বর) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
ভোলার পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
চরফ্যাসন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. সাখাওয়াত হোসেন জানান, রোববার ভোরের দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরি মুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাশে বাবুগঞ্জ গ্রামে র্যাবের সদস্যরা অভিযান চালালে জলদস্যুরা র্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই জলদস্যু নিহত হন। কিন্তু নিহতরা কাদের গুলিতে নিহত হয় তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ দক্ষিণ আইচা থানায় নিয়ে আসা হয়েছে।
পরে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।