এ বছর ডিসেম্বরের মধ্যে ভাসানচরে আরও ৮১ হাজার রোহিঙ্গা স্থানান্তর করতে চায় সরকার। পরিকল্পনা আছে আরও এক লাখ নেয়ার। তবে বিষয়টি পরিস্থিতির উপর নির্ভর করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন।
রোহিঙ্গাদের দেখভালের জন্য গত অক্টোবরে সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR চুক্তিবদ্ধ হয়। সংস্থাটি কিভাবে কাজ করবে, এরই মধ্যে সেই কর্ম পরিকল্পনা শুরু হয়েছে। সবার আগে সেখানে যাচ্ছে বিশ্ব খাদ্য সংস্থা।
ভাসানচরে থাকার সুব্যবস্থা, জীবিকার সুবিধা, মিয়ানমারের ভাষায় শিশুদের শিক্ষা ব্যবস্থাসহ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। তাই এ বছর ডিসেম্বরের মধ্যে সেখানে রোহিঙ্গার সংখ্যা এক লাখে নিয়ে যেতে চায় সরকার। আগামীতে আরও এক লাখ রোহিঙ্গা নেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন বলেন, ‘বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর।’
মূলত প্রাকৃতিক ঝুকিপূর্ণ এলাকা ও ছোট স্থানে বেশি মানুষ থাকায় কক্সবাজারের ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে রোহিঙ্গাদের।