ময়মনসিংহের চর সিরতা ইউনিয়নের নয়াপড়া গ্রামে মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভাই এবং রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরেক ভাইয়ের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন নয়াপাড়া গ্রামের বাসিন্দা আলী আকবরের ছেলে রফিকুল ইসলাম (৩৫) এবং শফিকুল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, নয়াপাড়া গ্রামের মসজিদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় আবুল হাশেমের সঙ্গে গ্রামবাসীর একটি অংশের বিরোধ ছিল। এ নিয়ে এর আগেও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন সকালে সালিস শুরু হওয়ার পর দুই পক্ষের কথা–কাটাকাটি হয়। এ সময় হাশেমের পক্ষের লোকেরা বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন রফিকুলকে। তাকে বাঁচাতে এগিয়ে যান ছোট ভাই শফিকুল। পরে তাকেও পেটায় প্রতিপক্ষ।
আহত দুই ভাইকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে রফিকুল মারা যান। পরে শফিকুলকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, এখনও কোনও মামলা হয়নি। তবে পুলিশ জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা করছে।