খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের লাশ ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন করা হয়েছে। ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামে তার দাফন সম্পন্ন হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের খান জাহান আলী থানার (ওসি) প্রবির কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেলে ফরেনসিক বিভাগের শিক্ষক ড. মো. সেলিম হোসেনের লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। রাত ৮টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রামে এসে পৌঁছায়।
কুয়েট কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে দাফনের ১৪ দিন পর কুয়েট শিক্ষক ড. মো. সেলিম হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য বুধবার উত্তোলন করা হয়। পরে সেটি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়।
সেখানে চিকিৎসকেরা তার ময়নাতদন্তে অপারগতা প্রকাশ করায় ছয় ঘণ্টা পরে ড. মো. সেলিম হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।