রাজধানী গুলশানের কোকাকোলা মোড়ে যাত্রীবাহী বাস চাপায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (১৮ নভেম্বর) সকালে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শিল্পী আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের এ কর্মকর্তা জানান, মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যৃ হয়।
শফিকুলের চাচাতো ভাই ফারুক ইসলাম জানান, তাদের বাসা গুলশানের নর্দা এলাকায়। বাবার নাম আব্দুস সালাম। আগে ডিসের ব্যবসা করতেন। বর্তমানে কিছু করতেন না তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে গুলশান কোকাকোলা মোড়ে রাস্তা পারাপারের সময় প্রথমে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এ সময় যাত্রীবাহী ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) জানান, এ ঘটনায় যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
শফিকুল ইসলাম গুলশানের নর্দার স্থায়ী বাসিন্দা মো. আবদুস সামাদের ছেলে। তিনি অবিবাহিত। একসময় ডিশ লাইন সংযোগ দেওয়ার ব্যবসায় জড়িত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে কোনো পেশায় নিয়োজিত ছিলেন না তিনি।