বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আয়োজিত বিজয় র্যালি জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ দুপুর ২টায় র্যালি শুরুর আগেই বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।
দুপুর দেড়টার মধ্যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একদিকে নাইটেঙ্গেল মোড় অন্যদিকে ফকিরেরপুল মোড় পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের ভিড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্রমাগতই নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসছেন।
নয়াপল্টনের সামনের রাস্তায় খোলা ট্রাকের ওপর তৈরি মঞ্চে র্যালি–পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালি উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। র্যালিতে অংশ নিতে জাতীয় ও দলীয় পতাকা, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসংবলিত পোস্টার, প্ল্যাকার্ড হাতে নিয়ে নয়াপল্টনে হাজির হন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
স্বাধীনতা আর বিজয়ের স্লোগানে মুখর হয়ে ওঠে চারদিক। তবে বিজয় র্যালির স্লোগানের মূল ইস্যু খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি। খালেদা জিয়ার মুক্তি চাই, বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে এটাই দলীয় নেতাকর্মীদের এবারের বিজয় র্যালির মূল দাবি। সে কারণেই নেতা–কর্মীরা ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে দলীয় নেত্রীর মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান।