ছয় দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার দুপুরে মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ’র আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন বাংলাদেশের সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাওয়া সূচি অনুযায়ী, দুপুরে বিশেষ ফ্লাইটে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওই দেশের বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন।
সফরের দ্বিতীয় দিন ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হবে। গার্ড অব অনারের প্রধানমন্ত্রী প্রেসিডেন্সিয়াল প্রাসাদে যাবেন। এ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে চারটি এমওইউ স্বাক্ষরিত হবে।
সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, স্পিকার ও প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরে প্রধানমন্ত্রী মালদ্বীপের জাতীয় পার্লামেন্টেও বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও প্রধানমন্ত্রী ভার্চুয়ালি কুশল বিনিময় করবেন। একই দিন রাতে প্রধানমন্ত্রীর সম্মানে মালদ্বীপের রাষ্ট্রপতি আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।
সফরের তৃতীয় দিন ২৪ ডিসেম্বর থেকে পঞ্চম দিন রবিবার ২৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২৭ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।