লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডলের ছেলে মাহি মণ্ডলকে (২৫) ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সদর থানায় ওই ধর্ষণ মামলা দায়ের করেন নির্যাতনের শিকার নারী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার মাহি প্রতিবেশী এক মেয়ের (২০) সঙ্গে স্কুল জীবন থেকে প্রেমের সম্পর্ক স্থাপন করেন। যা শেষ পর্যন্ত শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। তিন বছর আগে ওই মেয়ের বিয়ে হয় রংপুর জেলার পীরগঞ্জে সেখানে তার সাত মাসের এক কন্যা সন্তান রয়েছে। বিয়ে হলেও ওই নারীর সঙ্গে পরকীয়া প্রেম চালিয়ে যান মাহি। স্বামীর অনুপস্থিতিতে তাদের পরকীয়া প্রেম চলমান থাকে। একপর্যায়ে মেসেঞ্জারের মাধ্যমে পরকীয়ার যাবতীয় তথ্য পেয়ে যান ওই নারীর স্বামী। তিনি তালাক দিলে ওই নারীর বাবা-মা নিজেদের বাড়িতে ফিরিয়ে আনেন।
এদিকে, বিয়ে নিবন্ধনের ভুয়া কাগজ তৈরি করেন মাহি। সর্বশেষ, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ওই নারীর ঘর থেকে মাহি মণ্ডলকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে, ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, শনিবার (২৫ ডিসেম্বর) আদালতের মাধ্যমে গ্রেপ্তার যুবককে জেল হাজতে পাঠানো হবে।