নোয়াখালীর চাটখিলে স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি গিয়ে সাইফুল ইসলাম শামিম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে ৩নং পরকোট ইউনিয়নের রামদেবপুর গ্রামের গাইগো বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম শামিম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের দক্ষিণ আটিয়া বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে।
শামিমের শ্বশুরবাড়ির লোকজন জানায়, স্ত্রী ও তার লোকজনের অপমান সইতে না পেরে সে বিষপানে আত্মহত্যা করেছে। তবে পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা থানায় অভিযোগ করেছেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আত্মহত্যার কথা বলা হলেও ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর আসল তথ্য জানা যাবে।