ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে বিষখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫ জন।
গত ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে ঝালকাঠির দেউরী এলাকার সুগন্ধা নদীতে বিস্ফোরণ হয়। পরে তাতে আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত ৪৫ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন শতাধিক।
আগুনে দগ্ধ ৮১ যাত্রীর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৬ জন। ১৯ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। আর ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আলোচিত মর্মান্তিক এই দুর্ঘটনায় একাধিক মামলা হয়েছে। এরই মধ্যে লঞ্চের মালিক, চালক, মাস্টারসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে র্যাব। একের অধিক তদন্ত কমিটিও হয়েছে। চটজলদি তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। শোনা যাচ্ছে, লঞ্চটিতে ৪০০ জন যাত্রী ছিলেন।