২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনকালে আইসিটি পণ্যকে প্রোডাক্ট অফ দ্যা ইয়ার ২০২২ হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি।
আজ শনিবার রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিদেশি বিনিয়োগ বাড়াতে সহযোগিতা করবে এমন আশাবাদ ব্যক্ত করে এসময় প্রধানমন্ত্রী বলেন, দক্ষ মানবশক্তি বাড়াতে সরকার পদক্ষেপ নিয়েছে। দেশের ভাবমূর্তি রক্ষায় ব্যবসায়ীদের নিজস্ব ব্র্যান্ডিং তৈরির পাশাপাশি পণ্যের মান এবং গবেষণা বাড়াতে হবে।
দেশীয় পণ্যের রপ্তানি বাড়াতে নতুন দেশ ও পার্টনার খুঁজতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, স্থায়ী বাণিজ্যমেলার স্থায়ী অবকাঠামো তৈরি করে দেয়া হয়েছে সেটিকে আরো উন্নত সমৃদ্ধ করতে হবে। ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য সচল রাখার স্বার্থেই তাদের প্রণোদনা দেওয়া হয়েছে। জাতির পিতার আদর্শ বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে।
অর্ধেকেরও কম স্টল ও প্যাভিলিয়ন নিয়ে হলেও নতুন বছরের প্রথম দিনে বাণিজ্য মেলা বসেছে নতুন ঠিকানা পূর্বাচলে। এবার মেলা দেখতে যেতে হবে শেরে বাংলা নগরের পুরনো ঠিকানা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে। নতুন স্থানে হলেও মেলা নিয়ে আশাবাদী অংশগ্রহণকারীরা।
২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। তবে ছুটির দিনে মেলা চলবেবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। এবার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।
বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার ২২৫টি স্টলকে এবারের মেলায় লিজ দেয়া হয়েছে। এদের মধ্যে ২৩টি প্যাভিলিয়ান, ২৭টি মিনি প্যাভিলিয়ান, ১৬০টি স্টল ও ১৫টি ফুড কোর্ট রয়েছে। এছাড়া মেলায় প্রার্থনা কক্ষ, শিশুদের খেলার জায়গা, অফিস কক্ষ, চিকিৎসা কেন্দ্র, কর্মকর্তাদের জন্য অতিথি কক্ষ ও স্টোর রুম রয়েছে।