করোনার নতুন ধরন ওমিক্রম পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবে আন্তঃমন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সন্ধ্যা ছয়টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠকটি শুরু হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ছাড়াও দেশের বিভিন্ন জেলার ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জনরা ভার্চুয়ালি বৈঠকে যুক্ত থাকবেন।
গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়। অল্প সময়ের মধ্যেই করোনার নতুন ধরনটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে শতাধিক দেশে শনাক্ত হয়েছে ওমিক্রন। প্রতিবেশি দেশ ভারতেও ওমিক্রন পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। পশ্চিমবঙ্গে গতকাল নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও এ পর্যন্ত সাতজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে কী করা যায় সে বিষয়ে আলোচনা করতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ডাকা হয়েছে।