বিএনপি থেকে বহিষ্কার করা হলেও দল পরিবর্তন বা অন্য দলে যোগ দেবেন না বলে জানিয়েছেন বিএনপির সব পদ থেকে বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জে মাসদাইর এলাকায় নিজ বাসায় সাংবাদিকদের তিনি জানান, বিএনপির কর্মী হিসেবেই কাজ করে যাবেন।
এসময় তৈমুর আলম খন্দকার বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং ইভিএম এর বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলব। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাবো। তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান থাকবে আপনারা কেউ ইভিএম মেনে নিবেন না। এটা ভোট ডাকাতির বাক্স।
বিএনপি থেকে বহিষ্কারের ব্যাপারে তৈমুর বলেন, আমি মনে করি রাজনীতি করতে গেলে একটা দল থাকতে হয়। কিন্তু পদ পদবী দরকার হয় না। দলের সিদ্ধান্ত এখন পর্যন্ত কেউ আমাকে টেলিফোনে বা চিঠিতে জানায় নি। তবে আমি দলের সিদ্ধান্ত নেমে নিলাম। আমাকে পদ থেকে বহিষ্কার করেছে। কর্মী থেকেতো বহিষ্কার করেনি।
পদ থেকে বহিষ্কার করলেও দলের কর্মী সমর্থক হিসেবে কাজ করে যাবো। আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকবো। অন্য কোন প্লাটফর্মে যাবো না। দলের এই সিদ্ধান্তে কারো প্রতি কোন ক্ষোভ নেই বলেও জানান তৈমুর আলম খন্দকার।