পাকিস্তানি সংগীতশিল্পী আইমা বেগ ট্যাক্স পরিশোধ না করায় তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে ফেডারেল বোর্ড অব রেভিনিউ। বুধবার (১৯ জানুয়ারি) শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়।
দৈনিক জং এর প্রতিবেদন অনুযায়ী, ট্যাক্স সংগ্রহকারী সংস্থাটি শিল্পীর অ্যাকাউন্ট থেকে অর্থ পুনরুদ্ধারের চেষ্টা করেছিল। কিন্তু আইমা ইতোমধ্যে অ্যাকাউন্ট থেকে ২৫ মিলিয়ন রুপি তুলে নিয়েছে এবং এফবিআর’র কাছে জব্দ হওয়ার আগেই তা শেষ করেছেন তিনি। আর এফবিআর এখন শিল্পীর গাড়ি জব্দ করার চিন্তা করছে।
এদিকে আইমার ৮৫ মিলিয়ন রুপি আয়কর খেলাপি বলে জানা গেছে। তিনি ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালে তার কর পরিশোধ করেননি। এর আগে গত ১৪ জানুয়ারি শিল্পীকে নোটিশ পাঠায় এফবিআর।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এই বছরের সংগীতে দেশটির জনপ্রিয় গায়ক আতিফ আসলামের সঙ্গে গান গেয়ে সাম্প্রতিক সময়ে শিরোনামে উঠেছেন আইমা। এর আগে গত সাত বছরে বেশ কয়েকটি হিট গান দিয়েছেন তিনি এবং স্থানীয় ও আন্তর্জাতিক পুরস্কারও জিতেছেন।