অবশেষে অভিনয়শিল্পী দম্পতি পরীমণি ও রাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। শনিবার (২২ জানুয়ারি) রাতে পরীর বাসাতেই হয় বিয়ের অনুষ্ঠান।
১০১ টাকা দেনমোহরে পরী-রাজের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন আরেক নির্মাতা রেদওয়ান রনি। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রেদওয়ান রনি ও অভিনেতা ডি এ তায়েব।
পরী-রাজের বিয়ের কিছু ছবি প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ের জন্য রাজ ও পরী পোশাকে বেছে নিয়েছিলো সোনালী ও মেরুন রঙ। দুজনে ম্যাচিং করে নবদম্পতি সাজে বসেছিলেন বিয়ের আসরে।
সেখানে দুজনকে বেশ রোমান্টিক মুডেই দেখা যায়। তবে জানা যায়, বিয়ের আসরে কেঁদে উঠেন পরীমণি। সেসময় তার কান্না থামাতে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে ধরেন রাজ। বাবা-মা হারা স্ত্রীকে যেন নির্ভরতার আশ্রয় দিতেই বুক বাড়িয়ে নেন তিনি।
সম্প্রতি পরীমণি মা হচ্ছেন বলে খবর আসে। পরী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গেল বছরের ১৭ অক্টোবর অভিনেতা রাজের সঙ্গে তার বিয়ে হয়। সেই বিয়ে ছিল খুব গোপন। আয়োজন করে বিয়ের আফসোস ছিল তাই। সেই আফসোস মিটিয়ে নিলেন শনিবার (২২ জানুয়ারি)।
গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুনিন’ এর সেটে দুজনের পরিচয় ও প্রেম। এর আগে গণমাধ্যমে পরীমণির একাধিক বিয়ের খবর আসলেও রাজের এটি প্রথম বিয়ে।