বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে অনেক কাজই করতে পারিনি নির্বাচিত হলে সেগুলো করব৷ সবার আগে শিল্পীদের জন্য বাসস্থান তৈরি করব৷ নির্বাচনের পর আমরা সবাই এক৷ এখানে কেউ বিরোধী দল নই। নির্বাচনের জন্য দুটি প্যানেল দিতে হয়েছে। আজকের পর আমরা সবাই সমান। ভোটের সকালে বলছিলেন সভাপতি প্রার্থী মিশা সওদাগর।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সভাপতি বলেন, ১৭ বছরের কাজের অভিজ্ঞতায় আমরা এগিয়ে আছি। সবারই দীর্ঘ বছরের সমিতির অভিজ্ঞতা আছে। সেদিক থেকে আমরা এগিয়ে। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। জয়-পরাজয় বিষয় না শিল্পীদের জন্য সবসময় কাজ করব। আমরা সেবা করতে চাই।
দ্বিবার্ষিক নির্বাচনে দুই প্যানেলে একটির সভাপতি হিসেবে লড়ছেন অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হিসেবে চিত্রনায়ক জায়েদ খান। আরেকটি প্যানেলের সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ।