বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতে বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। তবু আইপিএল নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। দুইবার নাম তোলার পরেও অবিক্রীত থেকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সব মহলেই আইপিএলে সাকিবের দল না পাওয়া নিয়ে চলছে নানান আলোচনা ও বিশ্লেষণ। এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে সাকিবের দল না পাওয়ার কারণ উল্লেখ করেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
স্ট্যাটাসে শিশির লিখেছেন, ‘খুব বেশি উত্তেজিত হওয়ার আগেই বলে রাখি, সময়ের আগেই বেশ কয়েকটি দল তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল যে সে পুরো আসর খেলতে পারবে কি না। কিন্তু দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজের কারণে সে পুরোটা খেলতে পারতো না। যে কারণে তাকে কেউ দলে নেয়নি।’
‘এটা কোনো বড় বিষয় নয়। সবসময়ই পরবর্তী বছর আছে। আইপিএলে দল পাওয়ার জন্য তাকে শ্রীলঙ্কা সিরিজ বাদ দিতে হতো। তো তাকে যদি কেউ নিতো, তখনও কি এই কথা বলতেন? নাকি তাকে এরই মধ্যে বিশ্বাসঘাতক বানিয়ে ফেলতেন? আপনাদের উত্তেজনায় জল ঢেলে দেওয়ার জন্য দুঃখিত।’