করোনাভাইরাসে একদিনের ব্যবধানে শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে। গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) করোনায় ২৪ জনের মৃত্যু এবং ২ হাজার ৫৮৪ জন শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪৪ জনে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ২ হাজার ১৫০ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জনে।
একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫০৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬৯৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৫ জন। চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ১, বরিশালে ১ ও রংপুরে ১ জন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর এতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনা সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।