সোমবার ছিল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষাকে মাতৃভাষার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে। সেই সব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় কাঁদলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
মিথিলা বর্তমানে ‘মন্টু পাইলট’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করছেন। এর জন্য কলকাতাতে অবস্থান করছেন তিনি। সিরিজটিতে অভিনেত্রীর বিপরীতে রয়েছেন সৌরভ দাস। আর অভিনেতার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, মিথিলা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় কাঁদছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) সৌরভ দাস সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, শুটিং শেষে মিথিলাসহ সেটের সবাই একত্র হয়ে দাঁড়িয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। পাশেই বাজতে থাকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ গান।
ভিডিওতে আরও দেখা যায়, গানটি বাজানোর কিছুক্ষণ পরই আবেগী হয়ে অঝোরে কাঁদতে থাকেন মিথিলা। পরে তাকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিতে থাকেন তার সহকর্মীরা। অভিনেতা সৌরভ ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, যে ভাষায় মাকে ডাকি। যে সুরে গাই গান। সারা রাত শুটিংয়ের শেষে আজ ভারত লক্ষ্মী স্টুডিওতে একুশের ভোর। মন্টু পাইলটের টিমের পক্ষ থেকে রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি কলকাতার কালীঘাট থেকে সিরিজটির শুটিং শুরু হয়েছে। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র দ্বিতীয় সিজনের শুটিং করছেন বাংলাদেশি অভিনেত্রী মিথিলা।
https://www.instagram.com/tv/CaPYkxtp-Ea/?utm_source=ig_web_copy_link