শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হলো বিডিআর সদর দপ্তর পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের।
শুক্রবার সকাল ৯টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানান, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষসহ সর্বস্তরের মানুষ।
সেনাবাহিনীর ব্যবস্থাপনায় শুরুতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পরে, তিনবাহিনীর প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালক শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয়েছে, এটার রায় যর্থাথভাবে কার্যকর করা হবে। আপনারা বিচারের জন্য যেভাবে ধৈর্য ধারণ করে আসছেন, এভাবে ধৈর্য ধারণ করবেন, আপনারা এ ঘটনার বিচার দেখতে পাবেন। আপনারা এটাও দেখেছেন বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারে অনেক সময় লেগেছে। তারপরও আজ আমরা স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছি। আমাদের কপালে আর কালো দাগ নেই। আমরা অবশেষে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বলেন, এ রকম ঘটনার আর কখনো পুনরাবৃত্তি হবেনা। বিজিবি এখন অনেক সুশৃঙ্খল বাহিনী বলেও জানান তিনি।