রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক আক্রমণের নির্দেশ দিয়েছেন। কিন্তু তিনি স্পষ্ট করেছেন, তারা নিশানা প্রতিবেশী ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের ‘মিথ্যার সাম্রাজ্য’ পর্যন্ত বিস্তৃত হতে পারে। হুমকি দিয়ে পুতিন বলেছেন, আমাদের বিরুদ্ধে যারা হস্তক্ষেপ করতে চায় তাদের পরিণতি হবে সবচেয়ে ভয়াবহ।
বৃহস্পতিবার ভোরে এক ভাষণে ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন পুতিন। ভাষণে তিনি পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন। একই সঙ্গে তিনি বিশ্বকে মনে করিয়ে দেন, রাশিয়া ‘এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী পারমাণবিক রাষ্ট্র’। দেশটির রয়েছে বেশ কয়েকটি অত্যাধুনিক অস্ত্র।
কার্যত পুতিনের এই বক্তব্য ইউক্রেনে আক্রমণের ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্টা হলেও তা পারমাণবিক যুদ্ধের হুমকির কাছাকাছি চলে গেছে।
রাশিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্পর্কে পুতিন বলেছেন, কোনও সম্ভাব্য আগ্রাসনকারী যদি আমাদের দেশকে সরাসরি আক্রমণ করে তাহলে তারা যে পরাজিত এবং ভয়ংকর পরিণতি ভোগ করবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
যুক্তরাষ্ট্র, ন্যাটো ও অপর ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে সেনা পাঠাবে না বলে আগেই নিশ্চিত করেছে। এরপরও ইতিহাসে দেখা গেছে, পরাশক্তি জড়িত আছে এমন ইউরোপীয় যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।