ইউক্রেন নিয়ন্ত্রণে নিতে দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়ছে রুশ বাহিনী। সর্বাত্মক লড়াই চলছে উভয় পক্ষের। এর মধ্যেই রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সেনারা। ফলে কিয়েভ পতন এখন সময়ের ব্যাপার মাত্র। এমন পরিস্থিতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের বাহিনী যদি অস্ত্র রেখে দেয় তবেই দেশটির সঙ্গে আলোচনা সম্ভব।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ইউক্রেন-রাশিয়ার সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ল্যাভরভ। তিনি বলেন, মস্কো কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু তার আগে ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র সমর্পণ করতে হবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউক্রেনে নব্য-নাৎসিরা শাসন করুক তা চায় না মস্কো। রাশিয়ার এমন প্রস্তাবে ইউক্রেনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বৃহস্পতিবার ভোরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণা পরপরই ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত ইউক্রেনের শতাধিক সেনা নিহত হয়েছেন।