তুরস্কের ইস্তাম্বুলে প্রবল তুষারপাতের কারণে কার্গো ফ্লাইট বাতিল হওয়ায় আজ (১৩ মার্চ) দেশে আসছে না ইউক্রেনে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ। তবে মরদেহ যাত্রীবাহী বিমানে দেশে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।
রোববার (১৩ মার্চ) দুপুরের দিকে মরদেহ ঢাকায় পৌঁছার কথা থাকলেও ইস্তান্বুল বিমানবন্দরে তুষারপাতের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় মরদেহ দেশে আসতে বিলম্ব হচ্ছে।
রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ইস্তাম্বুলে ভারী তুষারপাত হওয়ায় সেখান থেকে ঢাকাগামী ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
গত ২ মার্চ রকেট হামলায় মারা যান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। এরপর হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়।
শনিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুরে ইউক্রেনের ওলভিয়া বন্দর সংলগ্ন বাংকার (শেল্টার হাউজ) থেকে মলদোভার পথে যাত্রা শুরু করেন ২৮ নাবিক। রোববার দুপুরে ইউক্রেন সীমান্ত পেরিয়ে মলদোভা হয়ে তারা রোমানিয়া পৌঁছান।
এরপর বুধবার (৯ মার্চ) দুপুর ১২টার পর ২৮ নাবিকে বহনকারী তার্কিশ এয়ারের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এরপর ১২ নাবিক বুধবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে যান।