দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজারের অস্থিরতার জন্য সরকার দলীয় নেতাকর্মীদের দোষারোপের জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুই-একজন মন্ত্রী ঠাকুরগাঁওয়ে এসে বলেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বিএনপি জড়িত। তাহলে ওনারা সরকারে আছেন কেন? এখনও যদি বিএনপি নিয়ন্ত্রণ করতে পারে, সরকারে আওয়ামী লীগ কেন আছে? এ সমস্ত কথা বলে তারা আরও হাস্যরসের সৃষ্টি করছেন।
বিএনপি মহাসচিব বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য এই সরকারের উদাসীনতা দায়ী। সরকার জনগণের সঙ্গে তামাশা করছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, তেল, লবণ, চিনিসহ অন্যান্য দ্রব্যের দাম যেভাবে বেড়েছে সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্তের মানুষ হিমশিম খাচ্ছে।
রবিবার (১৩ মার্চ) ঠাকুরগাঁও কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।