দুষ্কৃতিকারীদের গুলিতে মৃত্যু হল ভারতের কবাডি দলের সাবেক অধিনায়ক সন্দীপ নানগাল আম্বিয়ানের। পাঞ্জাবের জলন্ধরের মালিয়ান গ্রামে একটি কবাডি ম্যাচ চলাকালে মাঠে তাকে গুলি করা হয়।
নানগাল স্ত্রী-সন্তানদের নিয়ে ইংল্যান্ডে থাকলেও মূলত এই কাবাডি প্রতিযোগিতার জন্যই প্রতিবার দেশে আসেন। কিন্তু এবার আর পরিবারের কাছে ফেরা হলো না। তার স্ত্রী ও দুই ছেলে ইংল্যান্ডেই রয়েছেন।
জলন্ধরের ডেপুটি পুলিশ সুপার লখবিন্দর সিংহ জানিয়েছেন, আট থেকে দশটি গুলি চালানো হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতিরীরা সন্দীপের বুক ও মাথা লক্ষ্য করে ২০ রাউন্ড গুলি চালায়। তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, প্রায় ১২জন দুষ্কৃতিকারী হামলা চালায় সন্দীপের উপর। কেউ কেউ বলছেন, চার জন বন্দুকধারী ছিল। যে কবাডি প্রতিযোগিতার ম্যাচ চলাকালীন খুন হয়েছেন সেই প্রতিযোগিতারই অন্যতম সংগঠক ছিলেন সন্দীপ। কেউ কেউ জানাচ্ছেন, গলফ খেলার কিছু সরঞ্জাম নিয়ে বচসা শুরু হয়। সেখান থেকে এত বড় ঘটনা ঘটে যায়।
প্রায় এক দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে কবাডি খেলেছেন ৪০ বছরের সন্দীপ। শুধু ভারত বা পঞ্জাব নয়, কানাডা, আমেরিকা এবং ইংল্যান্ডেও সুনামের সঙ্গে খেলেছেন তিনি। স্টপারের জায়গায় খেলতেন সন্দীপ। যে কোনও দলে এতটাই অপরিহার্য ছিলেন, কেউ কেউ তাকে ‘ডায়মন্ড’ বলেও ডাকত।