মঙ্গলবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা সফরকালে বুধবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারকরণ সফরের মূল উদ্দেশ্য। এ ছাড়া সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে চায় সৌদি সরকার। এই রাজনৈতিক সংলাপে দুই দেশের মধ্যে বিনিয়োগ, জনশক্তি রপ্তানিসহ যৌথ সহযোগিতার বিষয়ে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে।