আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি :এখন পর্যন্ত সি ক্যাটাগরির অধীনে লাইসেন্সপ্রাপ্ত ৫০১টি কর্মসংস্থান সংস্থা বিদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন করার ক্ষেত্রে সেবা প্রদান করতে পারবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান এম সারাভানান।
তিনি জানান, মালয়েশিয়ায় উৎপাদন, বৃক্ষরোপণ, পরিষেবা, নির্মাণ ও কৃষিতে কর্মী নিয়োগে এখন পর্যন্ত সেক্টরগুলোর নিয়োগকারীদের কাছ থেকে ৩ লাখ ১৩ হাজার ১৪ জন বিদেশি কর্মীর আবেদন জমা পড়েছে, যা বর্তমানে পর্যায়ক্রমে যাচাই-বাছাই করা হচ্ছে।
এম সারাভানান আরও জানান, গতকাল পর্যন্ত বিদেশি কর্মীদের আবেদনপত্র জমা পড়েছে উৎপাদন খাতে ১ লাখ ৯৩ হাজার ৩৪৬ জন, পরিষেবা খাতে ৪৮ হাজার ১১৯ জন, বৃক্ষরোপণ খাতে ৩৬ হাজার ৯৫০ জন, নির্মাণ খাতে ২৭ হাজার ৩৩১ জন, কৃষি খাতে ৭ হাজার ২৪৮ জন এবং খনি ও খনন খাতে ২০ জন। এ বিষয়ে তিনি জানান, প্রক্রিয়াটি সম্পন্ন হলে শ্রমিকদের সব খাতের জন্য অনুমতি দেওয়া হবে।
এছাড়া যদি কোনো বেসরকারি কর্মসংস্থান সংস্থা বিদেশী কর্মী নিয়োগের জন্য আবেদনপত্রের এই নিয়মের অপব্যবহার করে তাহলে ০৩-৮৮৮৬ ৫১৯২ এই নম্বরে দেশটির জনশক্তি বিভাগে জানানোর অনুরোধ করেন এম সারাভানান।