এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং আর্চারি চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে বাংলাদেশ। শনিবার (১৯ মার্চ) থাইল্যান্ডের ফুকেটে মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ভারতকে ৫-৩ পয়েন্টে হারিয়েছে তারা। দেশকে সাফল্য এনে দিয়েছেন রোমান সানা ও নাসরিন আক্তার জুটি।
চার তীরের প্রতিযোগিতায় প্রথম তীরে ৩৪-৩৭ ব্যবধানে জেতে ভারত। পরে দ্বিতীয় তীরে দুই দলই স্কোর করে সমান ৩৭ পয়েন্ট। তবে শেষ দুই তীরে দারুণভাবে কামব্যাক করে বাংলাদেশ। তৃতীয় তীরে ৩৮-৩৫ এবং চতুর্থ তীরে ৩৭-৩৬ ব্যবধানে জিতে স্বর্ণপদক নিশ্চিত করেন রোমান-নাসরিন জুটি।
ব্যক্তিগত ও পুরুষ রিকার্ভে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন রোমান। তবে মিশ্র বিভাগে সোনার স্বাদ পেলেন তিনি। এরপর অবশ্য তার আর সোনা জেতার সম্ভাবনা নেই।
তবে ত্রিমুকুট পাওয়ার সম্ভাবনা আছে নাসরিনের। খানিক পর তিনি ও দিয়া সিদ্দিকীর নারী রিকার্ভ দল ভারতের মুখোমুখি হবে। এরপর রয়েছে অল বাংলাদেশ ফাইনাল। এতে দিয়ার প্রতিপক্ষ নাসরিন।
এ নিয়ে এশিয়ান পর্যায়ে কোনো ক্রীড়া ইভেন্টের ফাইনাল খেলছে বাংলাদেশের দুই ক্রীড়াবিদ। ফলে দেশেই সোনা আসছে।