রাংগামাটি প্রতিনিধিঃ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে আসন্ন রমজান উপলক্ষে দরিদ্র মানুষের জন্য কমদামে পণ্য বিতরণ শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত ২০ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে লংগদু উপজেলার ১২ হাজার ১৩টি দরিদ্র পরিবার কমদামে পাঁচ ধরণের পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।
উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে আটারকছড়া ইউনিয়নে ১৬৯৩টি, কালাপাকুজ্যা ইউনিয়নে ১৪৩১টি, গুলশাখালী ইউনিয়নে ১৪৮২টি, বগাচত্বর ইউনিয়নে ১৯২৮টি, ভাসান্যাদম ইউনিয়নে ১৩৫০টি ও মাইনীমূখ ইউনিয়নে ২২০০টি এবং লংগদু সদর ইউনিয়নে ১৯২৯টি পরিবার এই সুবিধার আওতায় এসেছে।
গত ২০ মার্চ উপজেলার আটারকছড়া ইউনিয়নের একটি বিক্রয় কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীন। তিনি জানান, দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহ কমদামে কেনার সুযোগ করে দিয়েছে সরকার। সারা দেশের মতো পার্বত্য এই দুর্গম লংগদু উপজেলার দরিদ্র মানুষ এই সুবিধার আওতায় এসছেন। উপজেলার প্রতিটি ইউনিয়নে তিনটি করে বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এই পণ্যসমূহ বিতরণ করা হচ্ছে। এবং এই কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাত ইউনিয়নে সাতজন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। আশা করছি সরকারের এই মহতি উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সকলে সহযোগিতায় এগিয়ে আসবেন।
উপজেলার লংগদু সদর ইউনিয়নের একটি বিক্রয় কেন্দ্রে পণ্য কিনতে আসা সাধনা চাকমা জানান, বাজারের চাইতে অনেক কমদামে পণ্য কিনতে পেরে ভালো লাগছে। তবে গরীব মানুষের জন্য এই কর্মসূচি সারা বছর থাকলে খুব ভালো হবে। টিসিবির পণ্য ক্রয়ের জন্য সুবিধাভোগী প্রতিটি পরিবারকে একটি করে কার্ড দেয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে পরিবারগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে চিনি দুই কেজি, মসুর ডাল দুই কেজি এবং সয়াবিন তেল দুই লিটার ক্রয় করতে পারবেন। এছাড়াও রমজানের আগে এই পণ্যসমূহের সাথে আরো যোগ হবে ছোলা এবং খেজুর।