মাগুরা-মহম্মদপুর সড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৩ এপ্রিল) দুপুরে কানুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইজিবাইক চালক মহম্মদপুর উপজেলার অউনাড়া গ্রামে আব্দুর সালামে ছেলে রাব্বি মিয়া (৩০), ইজিবাইকের যাত্রী একই উপজেলার ভাবনপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে জসিম মণ্ডল (৩০)।
মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদ সর্দার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা থেকে মহম্মদপুরগামী একটি যাত্রীবাহী বাস মহম্মদপুরের কানুটিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসের ধাক্কায় ইজিবাইকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দমকল বাহিনীর সদস্যরা গুরুতর আহত অবস্থায় ইজিবাইকচালক রাব্বি মিয়াসহ চারজনকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ইজিবাইকচালক রাব্বি মিয়া ও ইজিবাইকের যাত্রী জসিম মণ্ডলকে মৃত ঘোষণা করে।