গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে।
আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভোরে উপজেলার পাটগাঁতী ইউনিয়নের চিংগড়ী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
নিহতের নাম আকাশ মণ্ডল (১৮)। সে চিংগড়ী গ্রামের লক্ষণ মণ্ডলের ছেলে। ওই কিশোর পরিবারের সঙ্গে গ্রামের সনাতন ধর্মীয় অনুষ্ঠানে গান গাইতো।
টুঙ্গিপাড়া থানার তদন্ত তন্ময় মণ্ডল জানান, বেশ কিছুদিন ধরে আকাশ নামের ওই কিশোর তার বাবার কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার জন্য বায়না করছিল। তার বাবা ধান উঠার পরে মোবাইল ফোন কিনে দিতে চান। কিন্তু সে অভিমান করে বৃহস্পতিবার ভোরে বাড়ির পার্শ্ববর্তী বাগানে বরই গাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।