বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে চমৎকার দ্বিপক্ষীয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ভবিষ্যতে তা আরও জোরদার হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল মোমেন।
বক্তব্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সঙ্গে তার সৌহার্দপূর্ণ ও আশাব্যঞ্জক আলোচনা হয়েছে বলে জানান আব্দুল মোমেন।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো শুভেচ্ছাবার্তা পড়ে শোনান ড. মোমেন।
বাইডেনের চিঠির উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি লিখেছেন: ৪ এপ্রিল আমরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছি যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’
‘জো বাইডেন তার চিঠিতে দৃঢ়তার সঙ্গে বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের সম্পর্ক আগামী ৫০ বছরে নি:সন্দেহে আরও শক্তিশালী হবে।’ বলেন আব্দুল মোমেন।
ফ্লোরিডায় বসবাসকারী বাংলাদেশিদের অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্লোরিডায় বাস করা বাংলাদেশিদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের সব ধরনের সেবা প্রদানে মায়ামিতে বাংলাদেশের এই কনস্যুলেট জেনারেল স্থাপনের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে এই অঞ্চলে বাংলাদেশের কনস্যুলার সেবা প্রদান আরও সহজ ও উন্নত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য দেন মায়ামিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ইকবাল আহমেদ।